ঈদের হাসি মুহূর্তেই কান্না, সন্তানদের সামনে নিঃস্ব মায়ের আর্তনাদ
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ২০:৩৫
ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক আর শিশুদের মুখভরা হাসি। কিন্তু সেই হাসি এক মুহূর্তেই মিলিয়ে গেল কান্নায়। দুই সন্তানকে সঙ্গে নিয়ে ঈদের কেনাকাটায় বের হওয়া এক মায়ের চোখের সামনে হারিয়ে গেল কষ্ট করে জমানো টাকাগুলো।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জামালপুর শহরের তমালতল কথাকলি মার্কেটে এ ঘটনা ঘটে।
জানা যায়, ছানোয়ারা বেগম শহরের বেলটিয়া এলাকার বাসিন্দা। ৮ বছর বয়সী ছেলে ও ১২ বছরের মেয়েকে নিয়ে তিনি বাজারে এসেছিলেন ঈদের কেনাকাটা করতে। স্বপ্ন ছিল এই ঈদে সন্তানদের নতুন পোশাক কিনে দেবেন। সেই স্বপ্ন নিয়েই বাড়ি থেকে বের হয়েছিলেন প্রায় ৬ হাজার টাকা নিয়ে।
ছেলের জন্য একটি শার্ট কেনার পরও তার কাছে ছিল প্রায় ৫ হাজার টাকা। কিন্তু মার্কেটের ভিড়ের মধ্যেই কখন যে সেই টাকাগুলো হারিয়ে গেল, বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।
রাস্তার পাশে দাঁড়িয়ে সন্তানদের জড়িয়ে ধরে হাহাকার করে কেঁদে ওঠেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে ছানোয়ারা বেগম বলেন,
“হে আল্লাহ গো, আমার টাকা নিয়ে গেলো গো। বাড়ি থেকে ৬ হাজার টাকা নিয়ে আইছিলাম। ছেলের লাইগা একটা শার্ট কিনছিলাম শুধু। কাছে পাঁচ হাজার টাকা ছিলো। আমার টাকা কেডা নিয়ে গেল। অনেক কষ্টে জমানো টাকা ছিল। আমি এখন কী করমু? আমার বাচ্চাগো কি দিমু? সব শেষ হইয়া গেল।”
পাশে দাঁড়িয়ে থাকা দুই সন্তান নিঃশব্দে মায়ের মুখের দিকে তাকিয়ে ছিল হয়তো তারা বুঝে গেছে, এবারের ঈদে আর নতুন পোশাক জুটবে না।
স্থানীয়রা জানান, ভিড়ের সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ পকেটমার চক্র অত্যন্ত কৌশলে তার টাকার ব্যাগটি নিয়ে যায়। কিছুক্ষণ পর ব্যাগ খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন তিনি।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মার্কেট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

logo-2-1757314069.png)
