তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে দিয়েছি: তথ্যমন্ত্রী
মো. ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ২২:২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম. জহির উদ্দিন স্বপন বলেছেন সরকারের বয়স একমাস হয় নাই এখনো, ভোটারদের হাতের ভোটের কালির দাগ এখনও শুকায়নি। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতোমধ্যেই আমাদের পাঁচটি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে ছিয়েছি।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১ টায় বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) নদী নালা খাল খনন ও পুনঃখনর কর্মসূচির আওতায় সরকার এ খালটি পুনঃখনন করেছে।
প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, দেশের মাটিতে পা দিয়েই আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ এ প্লান। তার সহকর্মী হিসেবে এখন আমারা বলছি উই হ্যাভ এ প্ল্যান। তার দেয়া প্লান এর মধ্যে দেশের জনগণকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যে, আমরা ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের নারী সদস্যদেরকে আমরা ফ্যামিলি কার্ড দেব। আমরা কৃষকদেরকে কৃষি কার্ড দেব। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করব। আমরা ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের আমরা সরকারি ভাতার আওতায় আনব। আমরা ২০ হাজার কিলোমিটার খাল খনন করব।
আজকের এই কুতুবপুরের স্বনির্ভর খাল পুনর খনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে আমরা সেই পাঁচটি প্রতিশ্রুতি পূরণ করার কাজ শুরু করে দিয়েছি।
উদ্বোধনী অনুষ্ঠানের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, আজ থেকে ৪৫ বছর আগে ১৯৮১ সালে কুতুবপুরের এই মাটিতে এই খাল খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজ তার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই খাল পুনঃখনন করছি।
স্থানীয় জনগণকে রাষ্ট্রের মালিক উল্লেখ করে তিনি বলেন আপনাদের পাওনা আপনারা বুঝে নেবেন। খাল খনন করতে গিয়ে ঠিকাদার যদি কোন অনিয়ম করে আপনারা তা প্রতিরোধ করবেন। রাষ্ট্রের টাকা যাতে জনগণের কাজে লাগে সেজন্য আপনারা সতর্ক থাকবেন।
প্রশাসনের সাথে সরকারি দল বিএনপি’র নেতা-কর্মীদের আচরণে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সরকারি দলকেই প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।
প্রশাসন যাতে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে পারে সেজন্য বিএনপির নেতা কর্মীদেরকে দায়িত্বশীল থেকে প্রশাসনকে সহায়তা করতে হবে।
বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, খাল খনন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম।
এরপর দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সেখানে স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকাবাসী ও প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সাথে তিনি খোলামেলা আলোচনা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

logo-2-1757314069.png)
