Logo
×

জেলার খবর

বিএনপি জুলাই সনদের আলোকে পথ চলবে : আইনমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১৬:৫৪

বিএনপি জুলাই সনদের আলোকে পথ চলবে : আইনমন্ত্রী

আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আমরা বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে এর আলোকে পথ চলব। আমরা কোনো ইমোশনের জায়গায় নেই, ইমোশন এবং আইন দুইটাকে এক সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব।


সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসায় মোড়াগাছা-হাসিমপুরে ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এসময় দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।


তিনি বলেন, আপনারা যারা জুলাই সনদ পড়েন তারা দেখবেন যে ওখানে বলা আছে, সংবিধান, সংশোধন সাপেক্ষে এই সনদের সত্যবলী কার্যকর হবে। আমরা সংবিধান সংশোধনী সাংবিধানিকভাবে যে প্রক্রিয়া সেই পথেই আমরা যাব।


আইনমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের মাধ্যমে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি এই পরিকল্পনা সরকারের।


উদ্বোধন শেষে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি হিসেবে আগামী পাঁচ বছর আমরা বিশ হাজার কিলোমিটার নদী, খাল, বিল এগুলো খনন করব। শুধু তাই নয় উচ্ছেদও করব। যারা খাল, বিল, জমি অবৈধ দখলদার আছেন, তারা কেউ থাকবেন না।


কুষ্টিয়া জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কির রাব্বিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।