Logo
×

জেলার খবর

রাতের আঁধারে মাদরাসার গাছ কাটার অভিযোগ, প্রায় দেড় লাখ টাকার ক্ষতির দাবি

Icon

জেলহজ্ব ইসলাম, বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০১:৫৬

রাতের আঁধারে মাদরাসার গাছ কাটার অভিযোগ, প্রায় দেড় লাখ টাকার ক্ষতির দাবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি মাদরাসার গাছ রাতের আঁধারে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


জানা যায়, উপজেলার আমরুল ইউনিয়নের নগর এলাকায় অবস্থিত নগর আজিরন রাবেয়া মহিলা ফাজিল (স্নাতক) মাদরাসা প্রাঙ্গণের কয়েকটি গাছ সম্প্রতি গভীর রাতে কেটে বিক্রি করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, গাছগুলো বিক্রির ফলে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কেটে বিক্রির সঙ্গে মাদরাসার প্রিন্সিপাল শফিকুল ইসলামের সম্পৃক্ততা থাকতে পারে। তারা আরও দাবি করেন, স্থানীয় এক গাছ ব্যবসায়ীর কাছে এসব গাছ বিক্রি করা হয়েছে।


এ বিষয়ে স্থানীয়রা বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ গোপনে বিক্রি করা অনৈতিক এবং এটি তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


অভিযোগের বিষয়ে জানতে প্রিন্সিপাল শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।