শোক কাঁদাচ্ছে প্রতিবেশীদেরও, পাশাপাশি একই পরিবারের ৯ লাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৫:৫১
বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের দাফনের জন্য মোংলা পৌর কবরস্থানে পাশাপাশি ৯টি কবর প্রস্তুত করা হয়েছে। এই কবরগুলোতেই শায়িত হবেন একই পরিবারের নিহত ৯ জন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন নবদম্পতিসহ দুই পরিবারের সদস্যরা।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের মধ্যে একই পরিবারের ৯ জন হলেন, বর আহাদুর রহমান ছাব্বির, তার বাবা আব্দুর রাজ্জাক, ভাই আব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, ঐশীর ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলম জনির স্ত্রী ফারহানা সিদ্দিকা পুতুল এবং তাদের তিন সন্তান আলিফ, আরফা ও ইরাম। শুক্রবার ভোরে তাদের মরদেহ মোংলার শেহালাবুনিয়া এলাকায় নিজ বাড়িতে পৌঁছায়। অন্যদিকে কনে মার্জিয়া আক্তার (মিতু), তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগমের মরদেহ নেওয়া হয়েছে খুলনার কয়রা উপজেলায়। শুক্রবার জুমার আগে সেখানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

logo-2-1757314069.png)
