জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১৫:২৬
জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিনজন কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। একই মামলায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যাককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়৷
বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী এবং শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।
অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, বিগত ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার পাকুল্লা এলাকায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। এ ঘটনার পরদিন ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছে। এছাড়া প্রত্যাককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

logo-2-1757314069.png)
