ইবিতে নিহত নারী শিক্ষকের মাগফিরাত কামনায় দোয়া
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১৬:৩৪
কর্মচারীর ছুরিকাঘাতে নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে ইবি প্রশাসন। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পরে কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান দোয়া পরিচালনা করেন।
বক্তব্যে উপাচার্য বলেন, আমরা একজন বিনয়ী ও আদর্শ শিক্ষক এবং সহকর্মীকে হারিয়েছি, যা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। হাদিসের ভাষায় নির্মমভাবে নিহত ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাকে সেই মর্যাদা দান করেন।
তিনি বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেই সাথে সরকারের কাছে এ ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বুধবার (৪ মার্চ) নিজ কক্ষে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাত করেন এক কর্মচারী। পরে অভিযুক্ত নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন।
পরদিন, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় আসমা সাদিয়া রুনার ময়নাতদন্ত করা হয়। পরে তার লাশ জানাজার জন্য কুষ্টিয়া পৌর ঈদগাহ মাঠে নেওয়া হয়। বাদ যোহর জানাজার পর তার লাশ কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হয়। এদিন-ই দুপুরে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা দ্বায়ের করেন।

logo-2-1757314069.png)
