জামালপুরে স্ত্রীকে হত্যার পর পুড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১৪:৪২
জামালপুর শহরে নিজ বাড়িতে স্ত্রীকে হত্যার পর পুড়ানোর চেষ্টার ঘটনায় আইনজীবী স্বামীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৬ মার্চ) দিবাগক রাত ১ টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে৷

নিহত স্ত্রীর নাম তাহমিনা আক্তার তানিয়া। তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী হোসেন তাইফুর সুপ্রীম কোর্টের আইনজীবী বলে জানায় স্বজনেরা।
পুলিশ জানায়- ১৫ বছর আগে বিয়ে হওয়া তাহমিনা ও তাইফুরের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো৷ এর জেড় ধরে রাতে ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে তাহমিনার উপর হামলা করে হত্যা করে স্বামী তাইফুর। এরপর বিছানায় তাহমিনার মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এমন সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ।
এই ঘটনায় দোষীর দৃষ্টানৃতমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনেরা।
জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ সদস্যরা ঘটনা স্থলে এসে প্রথমে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে। পরে নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

logo-2-1757314069.png)
