৪ দফা দাবিতে জয়পুরহাট পৌরসভার শ্রমিকদের মানববন্ধন
আল রাফি, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ২০:১০
চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জয়পুরহাট পৌরসভার শ্রমিক-কর্মচারীরা। সোমবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে পৌরসভা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন শাখার শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাস, সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুপস্থিত দেখিয়ে ২৬৩ জন শ্রমিকের হাজিরা বেতন প্রদান করা হয়নি। তারা ওই দিনের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। পাশাপাশি বর্তমানে ৩৭৫ টাকা দৈনিক হাজিরা বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণ, কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং উৎসব ভাতা বৃদ্ধি করার দাবি জানান।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা পৌরসভায় অবস্থান কর্মসূচির পাশাপাশি কর্মবিরতি পালন করবেন।
এ বিষয়ে জয়পুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাসেম বলেন, শ্রমিক-কর্মচারীরা মানববন্ধন করেছেন—বিষয়টি তিনি অবগত আছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি বলেন, “১২ তারিখ সরকারি ছুটি থাকায় সেদিন কোনো কাজ নেওয়া হয়নি। অফিসিয়ালি কোনো স্মারকলিপি পাওয়া যায়নি। তাই তাদের দাবি-দাওয়া বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না।”

logo-2-1757314069.png)
