Logo
×

জেলার খবর

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন, গ্রেফতার ৩

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ২০:০৭

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন, গ্রেফতার ৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট তুচ্ছ বিরোধের জেরে তারেক আহমদ (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চট্টগ্রাম থেকে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক একই গ্রামের গাজী মিয়ার ছেলে। বিকেলে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে তারেক আহমদের সঙ্গে প্রতিবেশী আতিক আহমদের (২২) বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে।


গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় পরদিন ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় হত্যা মামলা (মামলা নং-০৯) দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১) ঘটনার পর আত্মগোপনে চলে যায়।


অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের সার্বিক নির্দেশনা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) অরূপ সরকারের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার সহায়তায় চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনিতে অভিযান চালিয়ে রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তিন আসামিকে গ্রেফতার করা হয়।


সোমবার (৩ মার্চ) দুপুরে তাদের রাজনগর থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।