ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্ণার উদ্বোধন
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ২০:০১
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামিক ফাউন্ডেশন কর্ণারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের দোতলায় ফিতা কেটে এ কর্নারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খোন্দকার আব্দুল মজিদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বাংলাদেশে ইসলামী বই প্রকাশনায় ইসলামী ফাউন্ডেশন সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আরবী সাহিত্য, তাফসির, কুরআন ও হাদীসসহ এপর্যন্ত তারা অসংখ্য বই প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যদি এসব বই না থাকে, তাহলে ছাত্ররা কীভাবে ইসলামী প্রকাশনার সঙ্গে পরিচিত হবে? এজন্য আমি ইসলামিক ফাউন্ডেশন কর্ণার করার প্রস্তাব দিয়েছিলাম, যা ফাউন্ডেশন সাদরে গ্রহণ করেছে। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “ইসলামী সাহিত্যে অনেক আরবী বই থাকলেও আমাদের বাংলা ভাষায় এর সংখ্যা অনেক কম। তাই এগুলো সহজলভ্য করতে ইসলামিক ফাউন্ডেশনের মতো প্রকাশনাগুলোর প্রসার জরুরি।”
উল্লেখ্য, গত বছরের শুরুতে ইসলামী ফাউন্ডেশন দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্নার চালুর সিদ্ধান্ত ঘোষণা করে। এ প্রেক্ষিতে গত বছর ২ জুলাই ইবির কেন্দ্রীয় লাইব্রেরিতে জায়গা পরিদর্শন করেন ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। মঙ্গলবার প্রথমবারের মতো কর্ণারটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয় এবং উদ্বোধনীর দিনেই কর্নারে মোট ১৭২৭টি বই স্থান পায়।

logo-2-1757314069.png)
