বগুড়ায় গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১৯:৫০
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাড়ির পাশের গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ বাবু (২৫)।
ঘটনাটি উপজেলার আমরুল ইউনিয়ন এলাকার নগরহাট পূর্বপাড়া, হুদার মোড় সংলগ্ন আমরুল পাড়ায়। ধারণা করা হচ্ছে, সোমবার (২ মার্চ) রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে বাড়ির পাশের একটি গাছের ডালে বাবুর ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা নিয়ে স্থানীয়দের মধ্যে জল্পনা চলছে।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, নিহত বাবু কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং অতিরিক্ত রাগের প্রবণতা ছিল। এর আগে তিনি বিষপান করে চিকিৎসাও নিয়েছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে পারিবারিক মতবিরোধের জেরে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

logo-2-1757314069.png)
