Logo
×

জেলার খবর

বগুড়ায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ

Icon

জেলহজ্ব ইসলাম, বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১৯:৩৯

বগুড়ায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণের প্রস্তুতি চলছিল। এ লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। বৈঠক চলাকালে ৪০ থেকে ৫০ জন ব্যক্তি কার্যালয়ে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং পরিষদের বারান্দায় ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কয়েকজন ইউপি সদস্য লাঞ্ছিত হয়েছেন বলেও জানা যায়।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৬ হাজার ৫৪৬ জন উপকারভোগীর মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে তালিকা প্রস্তুত করে কার্ডের ভিত্তিতে চলতি সপ্তাহেই বিতরণ কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে।


খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, তার ইউনিয়নে ৬৩৫ জনের নামে চাল বরাদ্দ এসেছে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে কার্ড বিতরণের বিষয়ে আলোচনা চলাকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এসে কার্ডের একটি অংশ দাবি করেন। এতে উত্তেজনা সৃষ্টি হয়ে ভাঙচুরের ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।


লাঞ্ছিত এক ইউপি সদস্য বলেন, গরিব মানুষের জন্য বরাদ্দ চাল সঠিকভাবে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।


তবে অভিযোগ অস্বীকার করে খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার বলেন, তারা চেয়ারম্যানের আমন্ত্রণেই সেখানে গিয়েছিলেন। তার দাবি, ওয়ার্ডভিত্তিক সমন্বয়ের বিষয়ে পরামর্শ দেওয়া হলেও কার্ডের অংশ দাবি বা ভাঙচুরের অভিযোগ সঠিক নয়।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।