Logo
×

জেলার খবর

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রলি ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১

Icon

মো. ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৫

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রলি ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১

ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সের সাথে মহাসড়কে চলাচলরত মালবাহী অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক নিহত ও সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।


ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়ার আকন বাড়ির সামনে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।


গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল ফিরছিলেন বিসমিল্লাহ অ্যাম্বুলেন্স সার্ভিস। পথিমধ্যে মহাসড়কের মাহিলাড়া আকন বাড়ির সামনে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা ইটের খোয়া বোঝাই একটি বড় ট্রলির সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।


এতে অ্যাম্বুলেন্সের সামনে অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালক নাইমুল ইসলাম (৩৫) নিহত হন। এছাড়াও অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপ গুরুতর আহত হয়। ওসি আরও জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ ও নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।