বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১৯
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর উত্তর পাশের ঢালে লাবিবা ও ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইসলাম পরিবহনের চালক কবির হোসেন, তিনি বরগুনার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাথরঘাটা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন (ঢাকা মেট্রো ব-১৩-২৩৪৬) এবং ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৩৯৭৯) বাস দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লাবিবা পরিবহনের চালক রাসেলসহ উভয় বাসের ১৫ থেকে ২০ জন যাত্রী গুরুতর আহত হন। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং আহতদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার জাহিদুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
বাবুগঞ্জ থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত চালকের মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আমি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হাসপাতালে ভর্তি আহতদের খোঁজ নিয়েছি। তাদের চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের সঙ্গে কথা বলছি। পাশাপাশি সড়ক স্বাভাবিক রাখতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ইসলাম পরিবহনের চালক কবির হোসেনকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

logo-2-1757314069.png)
