পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ একজন গ্রেফতার
মো. জিয়াউল ফকির, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিদেশী পিস্তল ও গুলিসহ আলীম খান (৪৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জিয়াউর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এসময় উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ এলাকার নির্মাণাধীন ইট সলিং রাস্তার সামনে গেলে মো. আলীম খান নামে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে তার বসত ঘর থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

logo-2-1757314069.png)
