সিলেটে ২৪ দুর্ঘটনায় ১৮ নিহত, দেশে এক মাসে প্রাণহানি ৪৮৭
গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৫
নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতেই সিলেটসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৪৮৭ প্রাণ। মাসজুড়ে মোট ৫৫৯টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ১৯৪ জন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যা মোট মৃত্যুর ৪০ দশমিক ২৪ শতাংশ।
বিভাগভিত্তিক হিসাবে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে কম হলেও এখানেও ২৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।
সর্বশেষ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সিলেটে পৃথক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক ও একটি টমটমের যাত্রী নিহত হন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো জানুয়ারি মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে নারী ৬৮ জন এবং শিশু ৫৭ জন। জানুয়ারি মাসে ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪০ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে ৪টি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এছাড়া ৪১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
শহরভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৪৩টি দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন। বিপরীতে সিলেট বিভাগে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা সবচেয়ে কম। রাজধানী ঢাকায় ২৬টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন।
নিহতদের পেশাগত পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে পুলিশ সদস্য ২ জন, শিক্ষক ১৩ জন, চিকিৎসক ২ জন, সাংবাদিক ৬ জন, আইনজীবী ৪ জন, ব্যাংক ও বীমা কর্মকর্তা-কর্মচারী ১১ জন, এনজিও কর্মী ১৯ জন, রাজনৈতিক দলের নেতাকর্মী ২৭ জন, ব্যবসায়ী ২১ জন, বিক্রয় প্রতিনিধি ২৬ জন, পোশাক শ্রমিক ৯ জন, নির্মাণ শ্রমিক ৬ জন, প্রতিবন্ধী ৩ জন এবং শিক্ষার্থী ৫৭ জন রয়েছেন।
দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি। পাশাপাশি রেল ও নৌপথ উন্নয়ন এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

logo-2-1757314069.png)
