Logo
×

জেলার খবর

সুনামগঞ্জে নামাজে যাওয়ার পথে ছাত্রশক্তি নেতার ওপর হামলা

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২১

সুনামগঞ্জে নামাজে যাওয়ার পথে ছাত্রশক্তি নেতার ওপর হামলা

সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকায় জাতীয় ছাত্রশক্তি জেলা শাখার সংগঠক আহসান হাবীব আরাফাতের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করার জেরে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় অভিযুক্তরা হলেন— জাহিদুল ইসলাম জিসান, সাইফ, রাহাত, সৌরভ, তানভীর, রাকিব ও আরও কয়েকজন। এ ছাড়া হামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজন অংশ নেয় বলে জানা গেছে।

ভুক্তভোগী আরাফাত জানান, তিনি বাসা থেকে বের হয়ে ষোলঘর পুরাতন মসজিদে নামাজে যাচ্ছিলেন। পথে মসজিদের পাশেই একদল যুবক তার গতিরোধ করে। তারা তাকে ‘ছাত্রশিবির’ আখ্যা দিয়ে হেনস্তা শুরু করে এবং একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে বেধড়ক মারধর করে।

আরাফাতের দাবি, হামলাকারীরা স্থানীয় জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মী এবং নির্বাচনে জামায়াতের পক্ষে এজেন্টের দায়িত্ব পালন করায় তারা ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আহত ছাত্রনেতাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।