Logo
×

জেলার খবর

রমাদানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে ছাত্রশিবিরের র‌্যালি

Icon

আমিনুর রহমান পরান, সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৬

রমাদানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে ছাত্রশিবিরের র‌্যালি

ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ই ফেব্রুয়ারি) র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মুহতারাম জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন। সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌরসভা শাখার সভাপতি ইকরামুল হক মাজেদ। এছাড়াও পৌর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমাদানের তাৎপর্য তুলে ধরে বলেন, মাহে রমাদান হলো তাকওয়া অর্জন, আত্মসংযম ও আত্মশুদ্ধির অনন্য প্রশিক্ষণ মাস। 

এ মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে, তাই কুরআনের আলোকে ব্যক্তি ও সমাজজীবন গড়ে তোলার অঙ্গীকার করতে হবে। 

তিনি আরও বলেন, রমাদান আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।

সভাপতির বক্তব্যে ইকরামুল হক মাজেদ বলেন, রমাদান আমাদের জীবনে পরিবর্তনের সুযোগ এনে দেয়। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং সমাজের কল্যাণমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।