প্রতিমন্ত্রী হওয়ায় জামালপুরে এম রশিদুজ্জামান মিল্লাতের সমর্থকদের মিষ্টি বিতরণ
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৯
কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের সকাল বাজার, তমালতলাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়ার নেতৃত্বে জেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এর আগে মঙ্গলবার বিকেলে তারেক রহমান এর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর উপমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ৭৬ হাজার ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থীকে পরাজিত করেন। এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে তিনজন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
রাজনৈতিক জীবনে এম রশিদুজ্জামান মিল্লাত দীর্ঘদিন ধরে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এবং ‘আমরা বিএনপি পরিবার’ সেলের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জামালপুর জেলা বিএনপির সভাপতি এবং দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

logo-2-1757314069.png)
