গ্যাস সংকটে যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ
মো. শাহরিয়ার সাদ্দাম, সরিষাবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৩
গ্যাসের চাপ কমে যাওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সারকারখানা-এ আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে ইউরিয়া সার উৎপাদন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গ্যাস সরবরাহ কমিয়ে দিলে উৎপাদন কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বিকালে কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।
কারখানা সূত্রে জানা যায়, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই শিল্পপ্রতিষ্ঠানটি দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদন করে আসছিল। তবে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের চাপ কমিয়ে দিলে টানা ২৩ মাস উৎপাদন বন্ধ থাকে। গত বছরের ২৩ ডিসেম্বর পুনরায় উৎপাদন শুরু হলেও বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটিতে তা ব্যাহত হয়।
রবিবার সকালে আবারও গ্যাসের প্রয়োজনীয় চাপ না থাকায় উৎপাদন পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ।
ফজলুল হক বলেন, “গ্যাসের স্বল্পচাপের কারণে প্রয়োজনীয় সরবরাহ পাওয়া যাচ্ছে না। তাই ইউরিয়া উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।”
স্থানীয় সার ডিলার ও কৃষকরা জানান, যমুনা সারকারখানার উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ীসহ উত্তরবঙ্গের ১৯ জেলার প্রায় আড়াই হাজার ডিলারের মাধ্যমে সরবরাহ করা হয়। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে চলতি মৌসুমে সার সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

logo-2-1757314069.png)
