বরিশালে বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন
মো: ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৭
নগরীতে বর্ণিল আয়োজনে উদ্যাপিত হলো বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস। শনিবার সকাল থেকেই নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক প্ল্যাটফর্মগুলো নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদ্যাপন করে।
নগরীর বেলস পার্ক ও বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তরুণ-তরুণীদের পদচারণায় মুখর হয়ে ওঠে চারপাশ। বসন্তের প্রতীকী রঙ হলুদ ও লাল পোশাকে সেজে অনেকে অংশ নেন বর্ণাঢ্য শোভাযাত্রায়। ফুলের মালা, ফাগুনের গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে উৎসব পায় প্রাণবন্ত রূপ।
সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত হয় নাচ, গান ও আবৃত্তি পরিবেশনা। রবীন্দ্র ও নজরুল সংগীতের পাশাপাশি লোকগানের সুরে মেতে ওঠেন উপস্থিত দর্শনার্থীরা। দিনটি উপলক্ষে নগরীর বিভিন্ন ক্যাফে ও রেস্টুরেন্টেও ছিল বিশেষ আয়োজন।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনেকেই প্রিয়জনকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান। তরুণ সমাজের পাশাপাশি পরিবার-পরিজন নিয়েও অনেকে ঘুরতে আসেন। ফলে নগরীর বিভিন্ন পার্ক ও বিনোদনকেন্দ্রে ছিল বাড়তি ভিড়।
সংশ্লিষ্টরা জানান, এমন আয়োজন সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চাকে আরও জোরদার করে।

logo-2-1757314069.png)
