ফরিদপুরে ভোটকেন্দ্রে টাকা বিতরণ, বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৯
ফরিদপুরে ভোটকেন্দ্রে টাকা বিতরণ, বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা
ফরিদপুরে ভোটকেন্দ্রের ভেতর টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে জরিমানা করেছেন বিচারিক আদালত। অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফরিদপুর-৩ আসনের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত পোলিং এজেন্ট তানজির ইসলাম এলাকার হাফিজুর ইসলামের ছেলে এবং ওই কেন্দ্রে বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের (ধানের শীষ) পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি-২১৩-এর চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন এই আদেশ প্রদান করেন।
বিচারিক আদালত সূত্রে জানা গেছে, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগের ভিত্তিতে ওই পোলিং এজেন্টকে আটক করা হয়। নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের টাকা দিয়ে প্ররোচিত করার অভিযোগটি নির্বাচনী আইন-২০২৫ এর ১৩ (চ) ধারায় অপরাধ হিসেবে প্রমাণিত হয়। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় নির্বাচনী আইন-১৯৭২ এর ৯১(বি)(২) ধারা মোতাবেক তাকে এই দণ্ড প্রদান করা হয়।
এনআর/

logo-2-1757314069.png)
