ভোট উৎসবের দিন আজ: ভোটারদের বললেন মেজর কাজী জাহিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে হিজলা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর কাজী জাহিদ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন।
পরিদর্শনকালে তিনি ভোটগ্রহণ কার্যক্রম, দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং ভোটারদের উপস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আজ আপনাদের ঈদের দিন। উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ও সুশৃঙ্খলভাবে আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে কোনো ধরনের ভয়-ভীতি বা সংকোচের সুযোগ নেই।”
তিনি জানান, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্ট সব বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, জালভোট, প্রভাব বিস্তার বা অনিয়মের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি সতর্ক করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ৪১টি বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে—এর মধ্যে ১১টি অনলাইনে সংযুক্ত এবং বাকিগুলো অফলাইনে তথ্য সংরক্ষণ করছে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

logo-2-1757314069.png)
