Logo
×

জেলার খবর

ফরিদপুরে ভোট কারচুপির অভিযোগে বিএনপি নেতাসহ ৩ জন আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৭

ফরিদপুরে ভোট কারচুপির অভিযোগে বিএনপি নেতাসহ ৩ জন আটক

ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে ভোটগ্রহণের দিন কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সালথা উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাপ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— কালাম মাস্টার, আমজাদ হোসেন ও মো. রবিউল। স্থানীয়দের দাবি, কালাম মাস্টার ও রবিউল বিএনপির সমর্থক এবং আমজাদ স্বতন্ত্র প্রার্থী (রিকশা প্রতীক) সমর্থক।

অভিযোগ রয়েছে, তারা কয়েকটি কেন্দ্রে প্রভাব বিস্তার ও ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করেন। এসব অভিযোগের ভিত্তিতে দায়িত্বরত সেনাসদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করেন।

জানা গেছে, কালাম মাস্টার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি জানান।