Logo
×

জেলার খবর

সরকারি গাছ কেটে মজুদ, ভিডিও করায় সাংবাদিককে হুমকি

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৭

সরকারি গাছ কেটে মজুদ, ভিডিও করায় সাংবাদিককে হুমকি

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার খলসি ইউনিয়নের সাতানি গ্রামে সরকারি রাস্তার পাশে থাকা মূল্যবান বনজ গাছ কেটে উজাড় করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, গ্রামের বাসিন্দা মোতাহার হোসেন (ওরফে মোক্তার/মুক্তার মোল্লা) সরকারি রাস্তার পাশে অবস্থিত প্রায় শত বছরের পুরোনো একটি বটগাছ ভেঙে ফেলেছেন। গাছটি দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ ক্ষেতে, খামারে কাজের ফাঁকে বিশ্রাম নিতে এবং পথচারীদের ছায়া হিসেবে ব্যবহার করে আসছিল। বটগাছটি ধ্বংস হওয়ায় এলাকাবাসীর মধ্যে গভীর ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।

এছাড়া স্থানীয়দের দাবি, মোতাহার হোসেন সরকারি মালিকানাধীন একাধিক মেহগনি গাছ কেটে নিজ বাড়িতে মজুদ করেছেন। এসব গাছ কাটার ক্ষেত্রে কোনো ধরনের সরকারি অনুমতির বিষয়টি স্থানীয়রা জানেন না বলে দাবি করেছেন।

অপরদিকে, একই গ্রামের সাইজুদ্দিন মোল্লার বিরুদ্ধে সরকারি রাস্তার পাশে থাকা আকাশী গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, এসব গাছ এলাকার পরিবেশ রক্ষা ও পথচারীদের ছায়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল। অভিযোগ রয়েছে, গাছ কাটার কিছু আলামত আড়াল করতে মাটি চাপা দেওয়ার মতো কার্যক্রমও করা হয়েছে।

ঘটনাটি নিয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণের সময় একজন সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে বিল্লাল মোল্লা নামের এক ব্যক্তি পরে ওই সাংবাদিককে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ রয়েছে। ভিডিও না করতে এবং বিষয়টি প্রচার না করার জন্য চাপ প্রয়োগ করা হয় বলেও দাবি করেন স্থানীয়রা।

স্থানীয়রা আরও জানান, অভিযুক্তরা অতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন। রাজনৈতিক প্রভাবের কারণে সাধারণ মানুষ আতঙ্কিত থাকায় অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না বলে দাবি করেন তারা।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।