Logo
×

জেলার খবর

কক্সবাজারে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৪

কক্সবাজারে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

কক্সবাজারের উখিয়ায় দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বালুখালী এলাকায় এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী জানায়, অস্ত্রসহ সন্ত্রাসীরা অবস্থান করছে এমন খবর পেয়ে উখিয়া উপজেলার বালুখালী ১নং ওয়ার্ডে এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদককারবারি জুলু প্রকাশ ওরফে জুলু ডাকাতের ছেলে আমিন, তার দেহরক্ষী জানে আলমসহ তিনজনকে আটক করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, একটি দেশীয় পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় ধারালো অস্ত্র, একটি পিস্তল ম্যাগাজিন, দুটি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল এ্যামুনিশন, ৮৯ রাউন্ড রাইফেল এ্যামুনিশন, দুটি কার্তুজ এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, আটকরা দীর্ঘদিন ধরে বালুখালী এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ সন্ত্রাসী কার্যক্রম, অস্ত্র প্রদর্শন ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি চালানো হয়। আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।