Logo
×

জেলার খবর

জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৯

জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 

সোমবার (৯ ফেব্রুয়ারি )  সকাল ৮টা দিকে উপজেলার কামদেববাড়ী (শেখবাড়ী) এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।

নিহত মো. নুর নবী (৩৬) ওই এলাকার মৃত সুরুজ শেখের ছেলে। অভিযুক্ত ছোট ভাই আলম (৩০) একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে ওই বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছোট ভাই আলম ধারালো ছুরি দিয়ে বড় ভাই নুর নবীর পেটে আঘাত করলে, নুর নবী গুরুতর আহত হন । পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।