সিলেট-৫ আসনে বিদ্রোহী প্রার্থীর প্রভাব, ত্রিমুখী লড়াইয়ের আভাস
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দোরগড়ায়। শেষ মুহূর্তে এসে ভোটের হিসাব-নিকাশে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কোন আসনে কে এগিয়ে, কে পিছিয়ে—এ নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের বিদ্রোহী প্রার্থীর বিষয়টি।
সিলেট-৫ আসনে বিএনপির বহিস্কৃত নেতা মামুনুর রশীদ, যিনি চাকসু মামুন নামে পরিচিত, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে জোটগত সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেয়নি বিএনপি হাইকমান্ড।
এই আসনে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী না দিয়ে জোটসঙ্গী জমিয়তে উলামা ইসলামীর প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সমর্থন দিয়েছে। দলের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মামুনুর রশীদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এ কারণে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।
দলীয় বহিষ্কারের পরও নির্বাচনী মাঠ ছাড়েননি চাকসু মামুন। বরং নতুন উদ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তার কারণে বিএনপি-জোট সমর্থিত প্রার্থীর ভোটে ভাগ বসতে পারে।
ভোটারদের মতে, সিলেট-৫ আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। একদিকে বিএনপি-জোট সমর্থিত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী চাকসু মামুন। বিপরীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফতের মাওলানা আবুল হাসানের পক্ষে রয়েছে বেশিরভাগ ভোটার।
সব মিলিয়ে সিলেট-৫ আসনে বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

logo-2-1757314069.png)
