সিলেট-১ আসনে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপির
গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (নগর ও সদর) আসনে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ উঠেছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে এ অভিযোগ দাখিল করেন। একই সঙ্গে অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে সিলেট মহানগর পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মুবাশ্বির আলী বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের নানাভাবে হয়রানি করছেন। এর ফলে প্রার্থীর স্বাভাবিক প্রচার ও নির্বাচনী কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগে দাবি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ওসি শাহ মুবাশ্বির আলী অন্য এক প্রার্থীর স্বার্থ সংরক্ষণে সক্রিয়ভাবে কাজ করছেন বলে প্রতীয়মান হচ্ছে। এ অবস্থায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে এয়ারপোর্ট থানাধীন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমরা ওসি শাহ মুবাশ্বির আলীর ভূমিকা নিয়ে লিখিত অভিযোগ দাখিল করেছি। তিনি একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে আমাদের কর্মী-সমর্থকদের হয়রানি অব্যাহত রয়েছে। লিখিত অভিযোগে আমরা এ বিষয়ে প্রয়োজনীয় প্রতিকার চেয়েছি।

logo-2-1757314069.png)
