Logo
×

জেলার খবর

বাস–টমটম মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৮

বাস–টমটম মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় যাত্রীবাহী বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়া পাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে ও টমটম চালক সাবের মিয়া ওরফে লালু ও একই ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল গ্রামের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে মুনতাহা।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা পাওয়া যায়নি।

জানা যায়, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা টমটমকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই টমটম চালক সাবের মিয়া নিহত হন। সংঘর্ষের পর টমটমটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়েন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, কয়েকজন আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারে চলছে মাতম। বিশেষ করে অল্প বয়সী যাত্রী মুনতাহার মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক শোকের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বর্তমানে ঘটনাস্হলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।