আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩ জেলায় ৩৫ বিজিবির ৪৩ প্লাটুন মোতায়েন
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রাম, টাঙ্গাইল ও জামালপুর জেলায় ৩৫ বিজিবির ৪৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ বৃহস্পতিবার ৫ তারিখ দুপুরে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান তিনি।

জানা গেছে, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ৩৫ বিজিবি সর্বমোট ৪৩ প্লাটুন সদস্য নিয়ে ২১টি বেস ক্যাম্পের মাধ্যমে দায়িত্ব পালন করছে। এর মধ্যে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ৮টি সংসদীয় আসনে ১২টি বেস ক্যাম্পে ১৯ প্লাটুন মোতায়েন রয়েছে। জামালপুর জেলার ৭টি উপজেলায় ৫টি সংসদীয় আসনে ৭টি বেস ক্যাম্পে ১৬ প্লাটুন এবং কুড়িগ্রাম জেলার ২টি উপজেলায় ১টি সংসদীয় আসনে ২টি বেস ক্যাম্পে ৮ প্লাটুন দায়িত্ব পালন করছে।
লেঃ কর্নেল হাসানুর রহমান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি এর আওতাধীন সীমান্তবর্তী এলাকাগুলোতে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত অপরাধ, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনী দায়িত্ব পালনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচন-পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে প্রতিটি উপজেলা ও ভোটকেন্দ্রে নিয়মিত রেকি (রিকনাইস্যান্স) ও নিরাপত্তা মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রত্যন্ত এলাকায় দিন-রাত বিশেষ টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনে প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করছেন। একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বিজিবি সর্বদা সচেষ্ট থাকবে।

logo-2-1757314069.png)
