বিএনপির চল্লিশ বছরের রাজনীতির ইতি টেনে জামায়াতে যোগ দিলেন রাজনগরের ফজলুল হক নিরু
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১৫
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দীর্ঘ চার দশকের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন প্রবীণ রাজনীতিক ফজলুল হক নিরু।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শবে বরাতের রাতে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
ফজলুল হক নিরু রাজনগর উপজেলা বিএনপির একজন পরিচিত নেতা হিসেবে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। সর্বশেষ উপজেলা বিএনপির কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থীও ছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের সমাপ্তি টানার পেছনে দলের অভ্যন্তরীণ কোন্দল ও বর্তমান পরিস্থিতিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, দীর্ঘদিন দলের জন্য কাজ করলেও সাম্প্রতিক সময়ে মূল্যায়নের অভাব ও সাংগঠনিক অস্থিরতায় তিনি হতাশ হয়ে পড়েন।
যোগদানের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় ফজলুল হক নিরু বলেন, ‘দীর্ঘ ৪০ বছর সততার সঙ্গে বিএনপির রাজনীতি করেছি। কিন্তু বর্তমানে দলের ভেতরের কোন্দল ও আদর্শিক বিচ্যুতি আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ইসলামের আদর্শ ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, রাজনগর উপজেলা আমীর আবু রাইয়ান শাহীন, সদর ইউনিয়ন আমীর দেলওয়ার হোসাইন বাবলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

logo-2-1757314069.png)
