Logo
×

জেলার খবর

নির্বাচনী প্রচারণায় সাংবাদিক হত্যা মামলার আসামি আ. লীগ নেতা বাবু

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০২

নির্বাচনী প্রচারণায় সাংবাদিক হত্যা মামলার আসামি আ. লীগ নেতা বাবু

জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজটোয়েন্টিফোরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামি ও সাধুরপাড়া ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এখন প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায়। 

বুধাবার (০৪ ফ্রেব্রুয়ারি) দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পরে। এ নিয়ে জেলা জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে৷ 

এর আগে গতকাল মঙ্গলবার (৩ ফ্রেব্রুয়ারি) রাতে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের একটি কেন্দ্রে গিয়ে তাকে ভোট চাইতে দেখা গেছে৷ 

মাহমুদুল হাসান বাবু বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সাবেক (বহিষ্কৃত) চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  

সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বিগত দিনে আওয়ামী লীগের দুঃশাসনে যারা বিতর্কিত হয়েছেন বা যাদের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, তাদের স্থান বিএনপিতে হবে না। কেউ ব্যক্তিস্বার্থে নিজেকে রক্ষা করতে ধানের শীষের প্রচারণা চালালে তার দায়ভার দল নেবে না। অপরাধীর পরিচয় সে অপরাধীই।

বকশীগঞ্জ গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহাম্মেদ সুমন বলেন, জুলাই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল, খুনের মামলার আসামির এমন প্রকাশ্যে ধানের শীষের প্রচারণায় তারা ক্ষুব্ধ ও মর্মাহত। যিনি সারাজীবন নৌকার দাপট দেখিয়ে সাধারণ মানুষ ও সাংবাদিকদের ওপর নির্যাতন চালিয়েছেন, আজ পিঠ বাঁচাতে ধানের শীষের স্লোগান দিচ্ছেন। এটি বিচারের হাত থেকে বাঁচার অপচেষ্টা মাত্র।

সাংবাদিক নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত বলেন, আমরা শঙ্কিত যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলার বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক পরিচয় বদলালেও বাবার খুনিদের বিচার যেন নিশ্চিত হয়, এটাই আমাদের একমাত্র দাবি।