Logo
×

জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৭

রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার কমান্ডার জাহিদ হোসেন লালুকে (৪০) আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন সেনা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্পটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সায়মন সিকদার। আটক জাহিদ হোসেন লালু উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।আটক জাহিদ হোসেন লালু আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ এবং সীমান্তে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রেজোয়ানুল হকসহ একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

লেফটেন্যান্ট কর্নেল সায়মন সিকদার জানান, বুধবার সকাল ৭টায় কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতঘরে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরসার কমান্ডার জাহিদ হোসেন লালুর অবস্থানের খবরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ দল অভিযান চালায়। এ সময় সন্দেহজনক ঘরটি ঘিরে ফেললে একজন ব্যক্তি কৌশলে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তখন যৌথ বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা তথ্য অনুযায়ী, লালু দীর্ঘদিন ধরে আরসার প্রধান হাফেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মিয়ানমার ও বাংলাদেশে আরসার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।

এর আগে লালুর নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অগ্নিসংযোগসহ নানাবিধ সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হতো।

সেনা কর্মকর্তা আরও জানান, আটক লালুর বিরুদ্ধে ২০২১ সালে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসায় হামলা চালিয়ে ৬ জন ছাত্র-শিক্ষককে হত্যা, একই বছরের ২৯ সেপ্টেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনপন্থী নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যাকাণ্ড এবং ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রেজোয়ান হত্যার ঘটনাসহ বিভিন্ন চাঞ্চল্যকর নাশকতামূলক ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে।

আটক সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান যৌথ অভিযানের এই কর্মকর্তা।