মৌলভীবাজার–৩ আসনে এবার ধানের শীষে সমর্থন আল ইসলাহর
তারেকুল ইসলাম পাটোয়ারী মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৪
মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমানকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আঞ্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ। এ সময় নেতারা ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং সভা শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে শহরের মিনিবাস মালিক সমিতির কনফারেন্স রুমে আয়োজিত এক বিশেষ বৈঠকে জেলা আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ আসনের প্রার্থী এম নাসের রহমান।
সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ছাত্র সংগঠনের সঙ্গে সমন্বয় এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় এম নাসের রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে ইসলামী দল ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য মো. ফখরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আয়াছ আহমদ, আঞ্জুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মো. এনামুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মো. সিরাজুল ইসলাম মাসুক, সদস্য হাফিজ মীর্জা শামীম আহমদ, সদর উপজেলা ও শহর সভাপতি কাজী মাওলানা মো. কবির আহমদ তালুকদার, রাজনগর উপজেলা সভাপতি মাওলানা মো. রিয়াজ উদ্দিন, শহর শাখার সাধারণ সম্পাদক ডা. মো. বুরহান উদ্দিন, তালামীযে ইসলামিয়া জেলা সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক শাহ মো. সামায়ুন কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৈঠকে নেতৃবৃন্দ নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে মহান আল্লাহর দরবারে এম নাসের রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নির্বাচনে বিজয় কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনসহ এর আগের বিভিন্ন জাতীয় নির্বাচনে আঞ্জুমানে আল ইসলাহ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও নৌকা প্রতীকের পক্ষে সমর্থন জানিয়েছিল। এবার তাদের নেতৃবৃন্দের এই অবস্থান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

logo-2-1757314069.png)
