স্বাধীনতাবিরোধীরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে — শামীম তালুকদার
মোঃ শাহরিয়ার সাদ্দাম সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ হল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বীর প্রতীক আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, নজরুল ইসলাম, আব্দুল হামিদ, আব্দুল আজিজসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছেন বীর মুক্তিযোদ্ধারা—তাঁরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। একটি স্বাধীন পতাকার জন্য তাঁদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় তিনি নিজের জীবনের সবটুকু উজাড় করে দেওয়ার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার বিরোধী শক্তি যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

logo-2-1757314069.png)
