Logo
×

জেলার খবর

জামালপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব নিহত

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪০

জামালপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউপি সচিব নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোজাম্মেল হক (৫২) নামে এক ইউনিয়ন পরিষদ সচিব নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ) বিকালে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোজাম্মেল হক মাদারগঞ্জ উপজেলার ৭ নম্বর সিধুলী ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল সিধুলী ইউনিয়ন পরিষদ থেকে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তোজাম্মেল হক। পথে আদারভিটা ইউনিয়নের পলিশা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক বালিজুরি থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ রইচ উদ্দীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অপর মোটরসাইকেলের আরোহী দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।