সিলেটের জৈন্তাপুরে পাহাড় কাটার দায়ে গভীর রাতে অভিযান; ২ লাখ টাকা জরিমানা
গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পাহাড় ও টিলা কর্তন করে মাটি বিক্রয়ের অপরাধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে পাহাড় কাটার দায়ে একজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারোগাতি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে পাহাড় ও টিলা শ্রেণির ভূমি থেকে মাটি কাটার অভিযোগে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে একজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

logo-2-1757314069.png)
