মহিষ ছিনতাই চেষ্টাকালে আটক স্বেচ্ছাসেবক নেতা বহিষ্কার
গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০
সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগরে ডিবি পুলিশের পরিচয়ে মহিষ বোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এক নেতাকে বহিষ্কার করেছে। ছিনতাইকালে গণপিটুনিতে গুরুতর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, রোববার দুপুরে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের তেরমাইল এলাকায় সিলেট থেকে ঢাকাগামী মহিষ বোঝাই একটি পিকআপের গতিরোধ করে একটি মাইক্রোবাস। মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিকআপের চালককে মারধর করে এবং ছিনতাইয়ের চেষ্টা চালায়।
ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা এগিয়ে আসেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী পালিয়ে গেলেও দুজনকে স্থানীয়রা ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যের কথা স্বীকার করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত দুইজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের একজন টিটন কুমার মল্লিক নিজেকে স্বেচ্ছাসেবক দল নেতা হিসেবে পরিচয় দেন।
এ ঘটনায় মোট ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, টিটন কুমার মল্লিক (৪৩), কামরুল ইসলাম (৪২), মিন্টু মাহমুদ (৪০), তারেখ আহমদ সুরুক (৪২), সৈয়দ রাসেল মাহমুদ (৪৫) ও আব্দুর রশিদ (৫২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাইয়ে নেতৃত্ব দেওয়া টিটন কুমার মল্লিক সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী আরিফুল হক এবং সিলেট-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ঘনিষ্ঠজন। তিনি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মহিষ ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টিটন কুমার মল্লিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া জানান, আটককৃতরা চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo-2-1757314069.png)
