সিলেটে সড়ক দুর্ঘটনায় তরুণ ফুটবলারের মৃত্যু
গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৪
সিলেটের বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের চারখাই পুলিশ ফাঁড়ির সামনে সড়ক দুর্ঘটনায় বাঁধন (১৮) নামে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাঁধন মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি নোহা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বাঁধন চারখাই নোয়াখানি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এ দুর্ঘটনায় মাহিন (১৮) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

logo-2-1757314069.png)
