Logo
×

জেলার খবর

পরিবেশ রক্ষায় সেন্টমার্টিনে টানা ৯ মাস পর্যটক ভ্রমণ বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৯

পরিবেশ রক্ষায় সেন্টমার্টিনে টানা ৯ মাস পর্যটক ভ্রমণ বন্ধ

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে টানা নয় মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (৩১ জানুয়ারি) চলতি মৌসুমের পর্যটন কার্যক্রম শেষ হয়েছে। ফলে রোববার (১ ফেব্রুয়ারি) থেকে দ্বীপে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচল করবে না।

সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি থাকলেও চলতি বছর পরিবেশগত ঝুঁকি ও অতিরিক্ত পর্যটকের চাপ বিবেচনায় সময়সীমা কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানান, শনিবারই শেষবারের মতো পর্যটক নিয়ে জাহাজগুলো সেন্টমার্টিনে গেছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, প্রবালসমৃদ্ধ এই দ্বীপে অতিরিক্ত পর্যটন পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। দীর্ঘ সময় পর্যটন বন্ধ রাখার সিদ্ধান্ত সেন্টমার্টিনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে সরকারের এই সিদ্ধান্তে দ্বীপের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সেন্টমার্টিন হোটেল-মোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি আবদুর রহমান বলেন, অনেক ব্যবসায়ী এবার বিনিয়োগের টাকাই তুলতে পারেননি, লাভ তো দূরের কথা। পর্যটন বন্ধ থাকলে আগামী কয়েক মাস স্থানীয় মানুষের জীবন-জীবিকা আরও সংকটে পড়বে।

ব্যবসায়ীরা মানবিক বিবেচনায় অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত সীমিত আকারে পর্যটন চালুর দাবি জানিয়েছেন।