পিকআপ চাপায় শিশুর মৃত্যু; চালক গ্রেফতার
গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৮:২১
সিলেটের জৈন্তাপুরে পিকআপের চাপায় শিশু নিহতের ঘটনায় চালক সুমন আহামদকে (২০) গ্রেফতার করেছে র্যাব। পরে জৈন্তাপুর থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (৩১ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে জৈন্তাপুর থানাধীন বাঘের সড়ক বাজার এলাকা থেকে সুমন আহামদকে গ্রেফতার করা হয়। তিনি জৈন্তাপুর থানার লামনিগ্রাম এলাকার নজরুল ইসলামের ছেলে।
র্যাবের তথ্য অনুযায়ী, গত বছরের ২৫ সেপ্টেম্বর বিকেলে খলিল মিয়া তার স্ত্রী ও দুই সন্তানকে শ্বশুরবাড়ি পাঠানোর জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠিয়ে দেন। অটোরিকশাটি যাত্রী নিয়ে আসামপাড়া যাওয়ার পথে জৈন্তাপুর থানাধীন আসামপাড়া ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে সিলেটগামী একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
ধাক্কা লেগে অটোরিকশা তারা ছিটকে পড়েন। দুর্ঘটনায় খলিল মিয়ার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন। তাদের প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক ছয় বছর বয়সী সাদিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জৈন্তাপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই অভিযুক্ত চালক সুমন আহামদ আত্মগোপনে ছিলেন বলে জানায় র্যাব।

logo-2-1757314069.png)
