Logo
×

জেলার খবর

জামালপুরে জামায়াতে যোগ দিলেন কৃষক দলের নেতা

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৫:২৭

জামালপুরে জামায়াতে যোগ দিলেন কৃষক দলের নেতা

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দিন সাদা দলীয় রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার ১১ নম্বর চরপুটিমারী ইউনিয়নের সাজালের চর বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত  যোগদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেন।

জানা গেছে এ সময় সুজাউদ্দিন সাদার সঙ্গে আরও ২২ জন নেতা কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামানের হাত ধরে তিনি সদস্যপদ গ্রহণ করেন।

চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু মুসা, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময়  বক্তারা বলেন সুজাউদ্দিন সাদার মতো একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতার যোগদানে জামায়াতে ইসলামী আরও সুসংগঠিত হবে এবং ইসলামপুর উপজেলায় সাংগঠনিক কার্যক্রম আরো বৃদ্ধি পাবে।

যোগদান অনুষ্ঠানে সুজাউদ্দিন সাদা বলেন, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশ গঠনের বৃহত্তর লক্ষ্য সামনে রেখেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। 

এ বিষয়ে জানতে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।