Logo
×

জেলার খবর

কুমিল্লার হোমনায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা; এলাকা থমথম

Icon

মাঈন উদ্দিন, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ২০:০১

কুমিল্লার হোমনায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা;  এলাকা থমথম

ছবি: দ্য রিপোর্ট ২৪

কুমিল্লার হোমনায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম. এ. মতিন খানের গাড়ি বহরে হামলার ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে হোমনা সদরের ওভার ব্রিজের নিচে এ হামলার ঘটনা ঘটে। গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলা শ্রমিকদলের সভাপতি মনিরুল ইসলাম সরকারের ছেলেও রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম. এ. মতিন খান সাবেক মন্ত্রী মরহুম এম. কে. আনোয়ারের কবর জিয়ারত শেষে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমদ্দি গ্রামের মরহুম আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবদুল জলিলের কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। পথে ওভার ব্রিজের নিকটে পৌঁছালে বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তার গাড়ি বহরে হামলা চালায় বলে অভিযোগ উঠে।
হামলায় ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১০ জন কর্মী আহত হন। আহতদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহর-এর গাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

ঘটনার পর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন-এর বাড়িতে পুলিশ ও যৌথ বাহিনী তল্লাশি চালালেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে প্রত্যেক ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। মামলার প্রস্তুতি চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যৌথ বাহিনীর ক্যাপ্টেন সাকিবুস সালেহীন বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী আচরণবিধির ৬ ধারা লঙ্ঘন করলে সে যত বড় নেতা হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি সবাইকে উস্কানিমূলক বক্তব্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ব্যক্তির চরিত্র হননমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।