অস্বাস্থ্যকর পরিবেশে বেরোবির হল ডাইনিংয়ে চলছে শিক্ষার্থীদের খাওয়া-দাওয়া
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২১:১০
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ে দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খেতে হচ্ছে শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা যায়, ডাইনিংয়ের টেবিলগুলোতে খাবারের দাগ ও রেক্সিন স্যাঁতস্যতে হয়ে আছে৷ অনেক টেবিল দীর্ঘসময় পরিষ্কার করা হয় না। মেঝেও অপরিষ্কার অবস্থায় পড়ে থাকে।এছাড়াও ডাইনিংয়ের চারপাশের জানালাগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে৷
শিক্ষার্থীরা জানান, হলের ডাইনিংয়ের চেয়ার-টেবিল হল প্রতিষ্ঠার পর থেকে আর পরিবর্তন করা হয়নি। টেবিলের উপরের রেক্সিনও দীর্ঘদিন ধরে রয়েছে, পরিবর্তন করা হয়নি। মাঝে মাঝে রেক্সিনের ওপর পানি জমে থাকে, যার কারণে সেখানে প্লেট রেখে স্বাভাবিকভাবে খাওয়া যায় না। খাওয়ার রুচিও থাকে না।
শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, ডাইনিংয়ের পরিবেশের আরও উন্নতি প্রয়োজন। টেবিলগুলো একদম নোংরা হয়ে পড়ে আছে। ট্যাপের কথা কি আর বলব! কিছু নষ্ট হয়ে পড়ে আছে, ট্যাপের আশপাশও অপরিচ্ছন্ন। মাঝেমধ্যে সাবানও পাওয়া যায় না। বেশ কয়েকটি চেয়ার নড়বড়ে অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হলো, এগুলো কি হল কর্তৃপক্ষ দেখে না? খাবারের গুণগত মানও আরও বাড়ানো প্রয়োজন। নিয়মিত একই ধরনের সবজি দেওয়া হচ্ছে, এতে স্বাস্থ্যগত চাহিদা পূরণ হচ্ছে না। আমরা চাই না ভবিষ্যতে ডাইনিং নিয়ে অভিযোগ দিতে হোক। সুষ্ঠুভাবে তদারকি করে পদক্ষেপ নিলে এসব সমস্যা থাকবে না বলে আশা করি।
আরেক আবাসিক শিক্ষার্থী মো. শামিম হোসেন বলেন, একজন খেয়ে যাওয়ার পর সেই প্লেট ভালোভাবে পরিষ্কার করা হয় না। একটি বড় গামলার পানিতে প্লেট ডুবিয়ে শুধু ময়লা ফেলে আবার সেটিতেই অন্যজনকে খাবার দেওয়া হয়। প্লেটগুলো ঠিকভাবে ধোয়া হয় না। বেসিনও অনেক সময় নোংরা থাকে। ঠিকমতো পরিষ্কার করা হয় না, ওভাবেই সেখানে হাত ধুতে হয়। হাত মুছার জন্য যে কাপড় রাখা থাকে, সেটাও পরিষ্কার থাকে না।
এ বিষয়ে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান বলেন, গত বছরের নভেম্বরের চিঠি দিছি প্রশাসনকে কোনো কাজ হয়নি। গত সপ্তাহে আবার চিঠি দিলাম যাতে বাজেট দেয়। বাজেট না দিলে আমরা কাজ করব কিভাবে।

logo-2-1757314069.png)
