Logo
×

বিবিধ

রাবিকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইবি

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ২৩:৫৭

রাবিকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন ইবি

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) হারিয়ে ফাইনালে দুর্দান্ত জয় পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের ইনডোর মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে এই জয় পায় ইবি।


৪০ মিনিটের উত্তেজনাপূর্ণ খেলায় ইবি ৮৪-৩৮ পয়েন্টে রাবিকে হারায়। ম্যাচজুড়ে  ইবির খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে এবং শেষ পর্যন্ত ৪৬ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে।


এর আগে গ্রুপ পর্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ইবি। পরে সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে দাপুটে জয় নিয়ে ফাইনালে ওঠে দলটি।


খেলায় চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত ক্যাপ্টেন তামিমুর রহমান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ধরে রেখেছি, ২০১৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন শিরোপা ধরে রেখেছে। আমরা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কাছে প্রমাণ করেছি যে, আমাদের বিশ্ববিদ্যালয় সেরা, আমরা খেলোয়াড় ও শিক্ষার্থী হিসেবে সেরা। আশা করছি আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখবো।


উপাচার্য বলেন, দীর্ঘদিন পর ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতায় হোস্ট হিসেবে দায়িত্ব পালন এবং সফলভাবে আয়োজন সম্পন্ন করেছে, যা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের বিষয়। বিশেষ করে বাস্কেটবলে চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, ফলাফলের চেয়েও বড় বিষয় হলো সুশৃঙ্খলভাবে পুরো আয়োজন সম্পন্ন করা এবং অংশগ্রহণকারী অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সুন্দরভাবে সেবা দেওয়া। 


তিনি আরও বলেন, সরকার খেলাধুলা ও স্পোর্টস এডুকেশনে গুরুত্ব দিচ্ছে, আর ইসলামী বিশ্ববিদ্যালয়ও এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্পোর্টস সায়েন্স বিভাগ সম্প্রসারণের পরিকল্পনা করছে। আশা করি, শিক্ষা ও খেলাধুলা দুই ক্ষেত্রেই ইসলামী বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।