বাকৃবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৫:৪৪
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) থেকে শুরু হতে যাচ্ছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে।
বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এছাড়া প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
আয়োজক সূত্রে জানা যায়, দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় মোট ৩০৭ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৯১ জন ছাত্র এবং ১১৬ জন ছাত্রী রয়েছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

logo-2-1757314069.png)
