Logo
×

বিবিধ

বিএনসিসি ক্যাডেট থেকে সেনাবাহিনীতে ওয়ারেন্ট অফিসার ইবি শিক্ষার্থী মহিউদ্দিন

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪

বিএনসিসি ক্যাডেট থেকে সেনাবাহিনীতে ওয়ারেন্ট অফিসার ইবি শিক্ষার্থী মহিউদ্দিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিএনসিসি সেনা প্লাটুনের ক্যাডেট কর্পোরাল মো. মহিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা প্লাটুনের ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


জানা যায়, গত বছরের মাঝামাঝি সময়ে জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) পদে নিয়োগের ঘোষণা দেয় বাংলাদেশ সেনাবাহিনী। এতে আবেদন করেন মো. মহিউদ্দিন এবং দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে গতকাল তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হন।


তার এ সাফল্যে ইবি বিএনসিসি সেনা প্লাটুনে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। প্লাটুন ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন বলেন, “এই অর্জন শুধু মহিউদ্দিনের ব্যক্তিগত সফলতা নয়, এটি পুরো বিএনসিসি পরিবারের জন্য গর্বের একটি মাইলফলক। তাঁর নিষ্ঠা, শৃঙ্খলা ও দেশপ্রেমই তাঁকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে।” তিনি আরও বলেন, দেশের সেবায় মহিউদ্দিনের এ অঙ্গীকার অন্যান্য ক্যাডেটদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


নিজের অনুভূতি জানাতে গিয়ে মহিউদ্দিন বলেন, “ছোটবেলা থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমার গভীর আগ্রহ ও শ্রদ্ধাবোধ ছিল। দেশের সার্বভৌমত্ব রক্ষা, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এবং মানুষের সেবায় আত্মনিয়োগের আদর্শ আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বিএনসিসিতে যোগদান এবং বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে সামরিক জীবনের প্রতি আমার আগ্রহ আরও বৃদ্ধি পায়।”


তিনি আরও বলেন, “সামরিক অফিসার ও স্টাফদের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং মৌলিক প্রশিক্ষণ আমার লক্ষ্যকে আরও সুদৃঢ় করেছে। বিএনসিসি থেকে অর্জিত শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেম আমার ভবিষ্যৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার এ সুযোগ আমার জন্য অত্যন্ত গৌরবের। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এ মহান দায়িত্ব পালন করতে চাই। এজন্য সকলের দোয়া কামনা করছি।”