‘রমাদান উইশ গেমার্স ফর হিউম্যানিটি’ উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ২১:৪৬
পবিত্র মাহে রমজান, যখন হৃদয় নরম হয়ে আসে, রোজার কষ্টের মাঝেও ভালোবাসা আর সহানুভূতির ঢেউ ওঠে, ঠিক সেই সময়ে লেখা হলো এক অনন্য গল্প। ভার্চুয়াল ব্যাটলগ্রাউন্ডে লড়াই করা, চিকেন ডিনারের জন্য ছুটে বেড়ানো গেমাররাই এবার নেমে এলো বাস্তব জীবনের মানবতার ময়দানে।
হ্যাঁ, কথা হচ্ছে PUBG MOBILE গেমারদের নিয়ে। যাদের অনেকেই ভাবতেন শুধু স্ক্রিনে সীমাবদ্ধ, তারাই প্রমাণ করল গেমারদের মাঝেও মানবতা বেঁচে আছে।

‘রমাদান উইশ গেমার্স ফর হিউম্যানিটি’ উদ্যোগে গেমার কমিউনিটি এক হয়ে দাঁড়ায় অসহায় মানুষের পাশে। ২২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয় এই যাত্রা। সেখানে বিতরণ করা হয় চাল, ডাল, তেল, চিনি, সেমাই, খেজুরসহ ইফতার ও ঈদের প্রয়োজনীয় সামগ্রী। অনেকের চোখে ভেসে ওঠে কৃতজ্ঞতা আর বিস্ময়, কারণ তারা ভাবেনি গেমাররাই তাদের পাশে দাঁড়াবে।
এরপর ধারাবাহিকভাবে ২৩ ফেব্রুয়ারি রাজশাহী, ২৫ ফেব্রুয়ারি সিলেট এবং ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে ছড়িয়ে পড়ে এই উদ্যোগ। চারটি শহরে একই আবেগ। কৃতজ্ঞতা, আনন্দ আর বিশ্বাস যে মানবতা এখনো বেঁচে আছে।
সব মিলিয়ে ৬০০ জন দুস্থ মানুষের হাতে পৌঁছে যায় সহায়তা। এর মানে হাজারো মুখে হাসি, অসংখ্য পরিবারের স্বস্তি।
এই উদ্যোগ শুধু খাদ্য বিতরণ নয়, এটি একটি শক্ত বার্তা গেমিং শুধু বিনোদন নয়, এটি এমন একটি কমিউনিটি গড়ে তুলতে পারে, যা এক হলে বাস্তব জীবনেও পরিবর্তন আনতে পারে।

logo-2-1757314069.png)
